গালে কামড় পড়া থেকে ঘা
দৈনন্দিন জীবনে মাঝে-মধ্যে খামখেয়ালিপনায় কিংবা খাওয়ার সময় অনেক সময় গালে কামড় পড়তে পারে। সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু গালে কামড় পড়া দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যখন প্রায়শ-ই গালে কামড় পড়ে এবং অনেক সময় এই কামড় থেকে গালে ঘা এর মত হয়ে যায়।
▪️গালে কামড় পড়ার কারণ:
- খাওয়া, কথা বলা ইত্যাদির সময় অনিচ্ছাকৃতভাবে গালে কামড় পড়তে পারে।
- মুখে দাঁতের বিন্যাস যদি যথাযথ না হয়, কিছু দাঁত যদি তার নির্দিষ্ট অক্ষের বাইরে থাকে, সেটা থেকে গালে কামড় পড়তে পারে।
- আক্কেল দাঁত যদি বাঁকা হয়ে গালের দিকে অবস্থান করে। চোয়ালের জয়েন্টের কোনো সমস্যা থাকলে গালে কামড় পড়তে পারে।
- উদ্বিগ্নতা থেকেও অনেকের গাল কামড়ানোর অভ্যাস থাকে।
- বয়স্কদের ক্ষেত্রে, কিছু দাঁত মিসিং থাকলে অবশিষ্ট দাঁতগুলো থেকে গালে কামড় পড়তে পারে।

▪️লক্ষণ:
১. মাঝেমধ্যে গালে কামড় পড়া থেকে প্রথমত গালে প্রদাহ হতে পারে।
২. প্রদাহের কারণে ব্যাথা থাকতে পারে।
৩. আক্রান্ত জায়গা ফুলে যেতে পারে।
৪. কিন্তু যে কারণে গালে কামড় পড়ছে সেটার যদি চিকিৎসা যদি করা না হয়, তাহলে ক্রমাগত গালের এই কামড় লাগা থেকে এক সময় গালে ক্ষত/ঘা সৃষ্টি হয়।
▪️চিকিৎসা :
প্রথমত যে কারণে বারবার গালে কামড় পড়ছে সেটা খুঁজে বের করতে হবে। সেজন্য একজন জেনারেল ডেন্টাল সার্জনের শরনাপন্ন হতে হবে।তিনি যথাযথ ক্লিনিকাল পরীক্ষার মাধ্যমে গালে কামড় পড়ার কারণ খুজে বের করবেন।
– দাঁতের বিন্যাসে ঠিক না থাকার কারণে যদি কামড় পড়ে থাকে, তাহলে প্রয়োজন হিসেবে কঞ্জারভেটিভ কিংবা কারেক্টিভ চিকিৎসা নিতে হবে।
– আক্কেল দাঁত যদি বাঁকা হয়ে অবস্থান করে প্রয়োজনে সেটা উঠিয়ে ফেলতে হতে পারে।
– চোয়ালের জয়েন্টের কোনো সমস্যার জন্য হয়ে থাকলে আগে জয়েন্টের সমস্যার চিকিৎসা করে নিতে হবে এবং পাশাপাশি গালের ঘা এর চিকিৎসা চলবে।
– উদ্বিগ্ন অবস্থায় যদি কারো গাল কামড়ানোর অভ্যাস থাকে, তাহলে রোগী কে সেই অভ্যাস ত্যাগের জন্য মোটিভেট করতে হবে। পাশাপাশি গালের ক্ষত/ঘা এর চিকিৎসা করতে হবে।
- ক্ষত সারানোর জন্য জেল/অয়েন্টমেন্ট ব্যবহার করা যেতে পারে।
– ঘা না সারা পর্যন্ত শক্ত ,গরম ও ঝাল খাবার পরিহার করতে হবে।
– আক্রান্ত জায়গায় ব্যাথা থাকলে ব্যাথানাশক ঔষধ সেবন করতে হতে পারে।
▪️গালের ঘা এর চিকিৎসা না করলে কি হতে পারে?
যে যে কারণে গালে কামড় পড়ে,সেগুলো অপসারণ না করলে গালে ঘা হওয়াটা দীর্ঘস্থায়ী হয়ে যায়।সময়মত এই সমস্যার চিকিৎসা না করলে সাধারণ এইক্ষত/ঘা থেকে পরবর্তীতে মুখের ক্যান্সার হতে পারে।
▪️৩ সপ্তাহের বেশি কোনো ক্ষত/ঘা না সারলে অবশ্যই একজন ওরাল-ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের শরনাপন্ন হতে হবে।
ডা.সাবরিনা ফরিদা চৌধুরী
বিডিএস(ঢাকা ডেন্টাল কলেজ)
No comments